English Version
আপডেট : ২৩ মে, ২০২১ ১৬:৩০

দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ রবিবার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্নস্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেন তিনি। আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও টর্নেডোসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে রক্ষা করতে সামগ্রিক প্রস্তুতির কাজ করছি আমরা। এ জন্য একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি। এগুলো ধাপে ধাপে বাস্তবায়নও করেছি বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। এই কাজের মধ্য দিয়ে দেশকে উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। খাদ্য, বস্ত্র ও বাসস্থান দেয়ারও ব্যবস্থা করছি। সেমি পাকাঘর ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম ঘর করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, এটি একটি বদ্বীপ, প্রতিনিয়ত দুর্যোগ মোকাবিলা করতে হবে। মনুষ্যসৃষ্ট দুর্যোগও আসে। সবই মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা এখন একটা দুর্যোগ মোকাবিলা করছি, যেটায় আজ সারাবিশ্ব স্থবির হয়ে আছে। সেটা হচ্ছে করোনাভাইরাস। এই করোনাভাইরাস মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। কত আপনজনকে আমাদের হারাতে হলো, কত মানুষের মৃত্যু আজ আমাদের দেখতে হলো। এটা সত্যি খুব দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা যেসব নির্দেশনা দিচ্ছি, সেগুলো মেনে চলবেন।