English Version
আপডেট : ১৭ মে, ২০২১ ১৪:৩৪

বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকামুখী মানুষ

অনলাইন ডেস্ক
বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকামুখী মানুষ

বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকায় ফিরছে হাজারো মানুষ। ঈদ শেষে কাজে যোগ দিতে কর্মস্থলে ছুটছেন লোকজন। বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে রাজধানীতে ফিরেছেন তারা। ফলে সড়ক-মহাসড়ক ও ফেরি ঘাটে দেখা যায় ঢাকামুখী মানুষের চাপ। তবে সরকারি নির্দেশ অমান্য করে কোথাও কোথাও চলেছে দূরপাল্লার বাসও।

রাজধানীর প্রবেশপথ গাবতলী ও আব্দুল্লাহপুরে ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যা সকাল থেকেই বাড়ছে। ভোর থেকেই ফেরিঘাটেও রয়েছে ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত মানুষ। ফেরিতে ওঠার সময় স্বাস্থ্যবিধি না মানা ছাড়াও জীবনের ঝুঁকি নিয়েও উঠছেন অনেকেই। বিভিন্ন যানবাহনে তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের।

ভোর থেকেই মাদারীপুরের বাংলাবাজার ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ছিলো উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত মানুষ। ফেরিতে ওঠার জায়গা না থাকলেও ঝুঁকি নিয়ে উঠছেন অনেকেই। বিভিন্ন যানবাহনে তিন থেকে চার গুন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের। যাত্রীর চাপ শামাল দিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৫টি ফেরি চলছে।

জেলার ভেতরে বাস চলছে। এর ফলে, মানুষ বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ঢাকার দিকে আসছেন। ঢাকার সীমানা পর্যন্ত এসে হেঁটে ঢুকছেন ঢাকায়। এর ফলে মানুষকে ঢাকায় আসতে এবং ঢাকা থেকে অন্য জেলায় যেতে পরিবহন বদলাতে হচ্ছে কয়েক দফা। এছাড়াও মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ নানা উপায়ে ঢাকায় ঢুকছেন অনেকে। পাশাপাশি ঢাকা থেকে যারা বের হচ্ছেন তাদেরকেও কয়েক দফা গাড়ি বদলিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।

সরকারি নির্দেশ অমান্য করেই উত্তরবঙ্গ থেকে চলাচল করছে দূর পাল্লার যাত্রীবাহি বাস। রোববার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীবাহি বাস চলাচল করে। সকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে। এছাড়া বরিশাল বাস টার্মিনাল থেকে বাংলাবাজরের উদ্দেশে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।

এদিকে বিধিনিষেধ বাড়ায় আজও ঢাকা ছাড়ায় পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরি ঘাটে ভিড় বেড়েছে দক্ষিণবঙ্গমুখী মানুষের।