English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০২১ ১২:১১

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ৬ কোচ

অনলাইন ডেস্ক
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ৬ কোচ

করোনা মহামারির মধ্যেও থেমে নেই মেট্রোরেলের কাজ। নির্ধারিত সময়ের দুইদিন আগে আজ বুধবার দুপুরে ৩টার দিকে ঢাকায় পৌঁছলো মেট্রোরেলের ৬টি কোচ। কোচ বহনকারী বার্জ তুরাগ নদ দিয়ে উত্তরার দিয়াবাড়ীতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির জেটিতে পৌঁছায়।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী কয়েক মাসে ঢাকা আসবে সব কোচ।

এর আগে ৩১ মার্চ মোংলা বন্দরে পৌঁছে কোচগুলো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।

ছয়টি করে ২৪টি ট্রেনে কোচ থাকবে ১৪৪টি। প্রথম ধাপে এর ৬টি কোচ পৌঁছালো উত্তরার দিয়াবাড়ীতে। আর প্রতিটি ট্রেনে নেয়া যাবে দুই হাজার ৩০৮ জন যাত্রী।

মেট্রোরেলের ডিপোর ৫২টি অবকাঠামোর ১৩টির কাজ শেষ। নির্মাণ কাজ চলছে ১৬টি স্টেশনেরও। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৬১ শতাংশ।

ঢাকার যানজট কাটাতে ২০১২ সালে এ প্রকল্প হাতে নেয় সরকার। ২২ হাজার কোটি টাকায় নির্মিত দেশের প্রথম মেট্রোরেল চলবে উত্তরা-মতিঝিল রুটে।