English Version
আপডেট : ১ এপ্রিল, ২০২১ ১৮:০০

ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন।

আগামী ০৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সার্কুলারে জানানো হয়েছে।

ইউরোপের বাইরে ১২টি দেশ হলো, কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে ও দ. আফ্রিকা।

সিভিল এভিয়েশন অথরিটির ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়েছে, যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই সেসব দেশের যাত্রীদেরও প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট (৭২ ঘণ্টা আগের পরীক্ষা করা) থাকতে হবে। 

এছাড়া, চার দিন বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি করোনার কোন লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার নির্ধারিত স্থানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কেউ যদি কোভিড-১৯ সার্টিফিকেট না নিয়ে আসে তাহলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে নিজ খরচে পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।