English Version
আপডেট : ১ এপ্রিল, ২০২১ ১৭:৪৯

বাস সংকটে যাত্রীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
বাস সংকটে যাত্রীদের সড়ক অবরোধ

করোনা পরিস্থিতির কারণে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। এর ফলে বিপাকে পড়েছেন রাজধানীবাসী।

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা।

এতে পুরো বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কুড়িল ফ্লাইওভার-বনানী আর অপরদিকে প্রায় উত্তরা পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহ্ম্মদ জানান, করোনা পরিস্থিতির কারণে বাসগুলো অর্ধেক যাত্রীর বেশি তুলছে না। এর ফলে অফিসগামীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। এতে তারা ক্ষুব্ধ হয়ে খিলক্ষেত ওভার ব্রিজের নিচে রাস্তা বন্ধ করে অবস্থান নেন।

তিনি জানান, এর মধ্যে পুলিশ বিক্ষুব্ধদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় ২০ মিনিট পর বিক্ষুব্ধরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।