English Version
আপডেট : ১ এপ্রিল, ২০২১ ১৭:৩২

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে টিসিবি

অনলাইন ডেস্ক
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে টিসিবি

রোজার আগে বেশিরভাগ পণ্যের দাম বাড়াচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বৃহস্পতিবার থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ছে ১০ টাকা এবং চিনির দাম বাড়ছে ৫ টাকা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে পণ্যের বরাদ্দ বাড়ানো হচ্ছে। একই সাথে দামও বাড়ছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে ১০০ টাকায়। চিনির দামও কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হবে ৫৫ টাকায়। ছোলার কেজি ৫৫ টাকা আর পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হবে ২০ টাকায়। এছাড়া খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা কেজি।

এছাড়াও টিসিবির পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। সংস্থাটি ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে।

টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তাদের বিক্রয় কার্যক্রম শুরু হবে। ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার তেল কিনতে পারবেন। টিসিবির অনলাইন কার্যক্রমে শুধু পেঁয়াজ কেনা যাবে।

হঠাৎ করে দাম কেন বাড়ানো হলো জানতে চাইলে টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, বাজারে পণ্যের দাম বেশি থাকায় টিসিবি মূল্য সমন্বয় করেছে। নইলে টিসিবির পণ্য নিয়ে অসাধু কাজ হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সারা দেশে ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ১০০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় থাকবে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। তবে টিসিবির দাম বাড়িয়ে দেয়ায় সীমিত আয়ের মানুষের খরচ হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল।