English Version
আপডেট : ১৯ মার্চ, ২০২১ ১৮:৫৬

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

জাতীয় প্যারেড স্কয়ারে মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানতে প্রচলিত রীতি অনুযায়ী করমর্দন না করে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাজাপাকক্ষকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। মাহিন্দএক নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল এ সময় গার্ড অব অনার দেয়।

গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজাপক্ষে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং তিন বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

তার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। টার্মিনালের উপরে এবং সামনে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকার সজ্জা। ভিভিআইপি টার্মিনালের দুই পাশে দুই সরকার প্রধানের দুটি বড় ছবিও স্থাপন করা হয়।

বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরাসরি চলে যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে, সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন তিনি।

বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে দুই- দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া আগামীকাল সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুই দিনের সফর শেষে আগামীকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে আরো শক্তিশালী সম্পর্ক চান রাজাপক্ষে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা টুইটে এ আশা প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কান এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানতে প্রচলিত রীতি অনুযায়ী করমর্দন না করে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

টুইটে রাজাপক্ষে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।

ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপক্ষে। এই টুইটে তিনি লিখেছেন, বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।

দুই দিনের ঢাকা সফরের সময় রাজাপক্ষে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। আগামীকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও বৈঠক করবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

এই অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। অনুষ্ঠানে যোগ দিতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।