English Version
আপডেট : ১ মার্চ, ২০২১ ১৭:৪০

শান্তিরক্ষা মিশনে মনুস্কো গেল সেনাবাহিনীর প্রথম দল

অনলাইন ডেস্ক
শান্তিরক্ষা মিশনে মনুস্কো গেল সেনাবাহিনীর প্রথম দল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মনুস্কোতে (ডিআর কঙ্গো) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে ঢাকা ছেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দল।

সোমবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর তিনটি কন্টিনজেন্টের মধ্যে ২০৫ জনের প্রথম দল আজ সোমবার শান্তিরক্ষা মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।  এছাড়া, আগামী ২১ মার্চ, ৯, ২৬ এপ্রিল, ১৪, ৩১ মে আরো পাঁচটি ফ্লাইটে ১ হাজার ৪৪ জন শান্তিরক্ষী ডিআর কঙ্গোতে যাবেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রার আগে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘের অধীনে শান্তিরক্ষার মহতি কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে ৩৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবদান আজ সব মহলে প্রশংসিত ও সর্বজনস্বীকৃত। গত বছরের ৩১ আগস্ট থেকে বাংলাদেশ আবারও শীর্ষস্থানীয় শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা পেয়েছে। এই গৌরবময় অর্জনের নেপথ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষ পেশাদারিত্ব ও মহান আত্মত্যাগ। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে চলমান সাতটি মিশনসহ মোট ৬২টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। এই মহতি কার্যক্রমে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৪০৬ জন নারীসহ মোট ১ হাজার ৪১ হাজার ৬০৫ জন সেনাসদস্য অংশ নিয়েছেন।

চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে শান্তিরক্ষীদের রোটেশন কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত ছিল। পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সময়োপযোগী নির্দেশক্রমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রচেষ্টায় তা আবারও চালু হয়েছে। এরই মধ্যে কন্টিনজেন্টগুলোর বিদেশি মিশনে যাওয়া জাতিসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা পরিচালনা করত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ও বাংলাদেশ সেনাপ্রধানের প্রচেষ্টায় বর্তমানে বাংলাদেশ বিমানের মাধ্যমে রোটেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিদেশি মিশনে অংশ নেওয়া প্রত্যেক সদস্যকে মিশনে যাওয়ার আগে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।