English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫৮

গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৪ ধাপ উন্নতি

অনলাইন ডেস্ক
গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৪ ধাপ উন্নতি

ব্রিটেনের গবেষণা ও বিশ্লেষণমূলক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২০ প্রকাশ করেছে। আজ বুধবার তারা জানায়, বিশ্বব্যাপী গণতন্ত্র সূচক এবার সর্বনিম্ন। মহামারীর কারণে ব্যক্তি স্বাধীনতা বিশ্বজুড়েই কমেছে। তবে বাংলাদেশে গণতন্ত্রের সূচক চার ধাপ অগ্রগতি হয়েছে। ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে ইআইইউর গণতন্ত্র সূচকে এবার ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশ রয়েছে ৭৬তম অবস্থানে। এর আগেরবার ছিল ৮০তম অবস্থানে।

পাঁচটি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইআইইউ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সাল থেকেই প্রতিবছর এই সূচক প্রকাশ করে। তাদের বিবেচনায় সারাবিশ্বেই গণতন্ত্রের পরিস্থিতির বেশ অবনমন হয়েছে। 

নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে ১০ ভিত্তিক এই সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এ তালিকায় শীর্ষে আছে নরওয়ে এবং সর্বনিম্ন অবস্থান উত্তর কোরিয়ার।