English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২১

অপপ্রচারের খেলা খেলে লাভ নেই: তথ‌্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অপপ্রচারের খেলা খেলে লাভ নেই: তথ‌্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পলাতক, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, তারা এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে মিথ‌্যা প্রতিবেদন প্রকাশ করছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

তথ‌্যমন্ত্রী বলেন, করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি।  এটি অনেকের সহ্য হচ্ছে না।  সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনো লাভ হবে না।

অপ্রপচারের বিরুদ্ধে দেশের মানুষ সতর্ক এবং সজাগ আছে জানিয়ে তথ‌্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূলে গথিত।  সুতরাং এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল।  এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।  দেশ এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়, বলেন মন্ত্রী।

ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে সভায় স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সহ-সভাপতি মেহেদী হাসান, হকার্স লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।