English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩৮

সরকারি সফরে ভারত গেলেন বিমান বাহিনীর প্রধান

অনলাইন ডেস্ক
সরকারি সফরে ভারত গেলেন বিমান বাহিনীর প্রধান

সরকারি সফরে ভারতে গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

তার নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমানের মাধ্যমে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধনোয়ার আমন্ত্রণে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় ১৩তম দ্বি-বার্ষিক এয়ার শো এবং বিমান চালনা প্রদর্শনী, অ‌্যারো ইন্ডিয়া -২০২১'  এ অংশ নিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে গেছেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লে প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি ভারতীয় বিভিন্ন সামরিক সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান এবং পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

এছাড়া, সফরের সময় বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত সেমিনার ও ভিডিও টেলি কনফারেন্সে অংশ নেবেন বিমান বাহিনী প্রধান। 

সফরকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান ও সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।