English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১১

অনলাইনে মনিটরের ব্যবস্থা হচ্ছে ভূমি মামলা

অনলাইন ডেস্ক
অনলাইনে মনিটরের ব্যবস্থা হচ্ছে ভূমি মামলা

ভূমিসংক্রান্ত দেওয়ানি মামলা অনলাইনে তদারকির ব্যবস্থা নিচ্ছে সরকার। এসব মামলা সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অনলাইনে মনিটরের জন্য সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সব দিক বিবেচনায় নির্বাচিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনের জন্য চুক্তি সই হয়েছে। 

এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি সই করেন মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. মাহমুদ হাসান এবং মাইসফট হ্যাভেন (বিডি) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাক্কারুল ইসলাম চুক্তি সই করেন।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সিএসএমএস স্থাপন করলে আদালতের তথ্য হারিয়ে যাওয়ার আশংকা থাকবে না।মামলায় তথ্য বিবরণী আদালতে দেয়া হয়েছে কি না, তথ্য বিবরণী কীভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কী ইত্যাদি বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেওয়া যাবে। নতুন এই সিস্টেমে আদালতের বিজ্ঞ কৌঁসুলিকেও অন্তর্ভুক্ত করা হবে; যাতে আদালতের তারিখ ও আদেশ পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

ভূমি তথ্য সিস্টেম ফ্রেমওয়ার্কের সঙ্গে আন্তঃসংযোগ করে ওই সিএসএমএস স্থাপন করা হবে। মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের সঙ্গে এই সিস্টেমের যোগসূত্র থাকবে। ই-মিউটেশন সিস্টেমের সঙ্গেও এই সিস্টেমটি একীভূত করা হবে। এতে ইউনিয়ন পর্যায়ের তথ্য বিবরণী দেয়া থেকে শুরু করে আদালত পর্যন্ত তথ্য বিবরণীর কপি দাখিল পর্যন্ত অনলাইন সিস্টেম তৈরি করা সম্ভব হবে।

বাংলাদেশে যত মামলা হয়, তার সিংহভাগ ভূমিসংক্রান্ত মামলা। এসব দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য গত বছরের জুলাই পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মামলাসহ সব দেওয়ানি আদালতের মামলায় সরকার পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে। সরকারের কোটি কোটি টাকা মূল্যমানের সম্পত্তি নিয়ে এসব মামলা পরিচালিত হয়।

অনুষ্ঠানে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।