English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০৫

বিচারের জন্য প্রস্তুত রেনু হত্যা মামলা

অনলাইন ডেস্ক
বিচারের জন্য প্রস্তুত রেনু হত্যা মামলা

ছেলেধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আজ সোমবার বদলির আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন।’

এর আগে গত ২৭ জানুয়ারি মামলার আসামি মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি মহিউদ্দিন এর আগে এই মামলার আসামিদের মধ্যে একমাত্র পলাতক ব্যক্তি ছিলেন।  এ মামলায় ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ও মহিন উদ্দিন।  

ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে ২০১৯ সালের ২০ জুলাই উত্তরবাড্ডায় পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে নাসির উদ্দিন।