English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২১ ১০:০৪

দেশে একজনও গৃহহীন থাকবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশে একজনও গৃহহীন থাকবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে মন্তব‌্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের কারণে সারা দেশে চিত্র পাল্টে গেছে। আগে গ্রামের মানুষের গায়ের পোশাক ছিল না। ১০-১৫ বছর আগে বাংলাদেশে মঙ্গা ছিল। শিক্ষার ব্যবস্থা ছিল না, চিকিৎসা ছিল না। এখন মানুষের মৌলিক চাহিদা পাঁচটির মধ্যে চারটি পূরণ হয়ে গেছে। গৃহহীনদেরও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘর দেওয়া হচ্ছে। এখন আর একজনও গৃহহীন থাকবে না। আমাদের স্বাধীনতার সুখ হচ্ছে এটাই। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিপার্স কাউন্সিলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শাজাহান খান বলেন, গত ১০-১২ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান খোকন, সৈয়দ মো. বখতিয়ার প্রমুখ।