English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২১ ১৮:৫৩

চসিক নির্বাচনে ভারসাম্য সৃষ্টিই বড় চ্যালেঞ্জ: মাহবুব তালুকদার

অনলাইন ডেস্ক
চসিক নির্বাচনে ভারসাম্য সৃষ্টিই বড় চ্যালেঞ্জ: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পক্ষ-বিপক্ষের মধ‌্যে ভারসাম্য সৃষ্টিই বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন ইসি’র নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য, নইলে তা ভণ্ডুল হয়ে যাবে।’

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের কার্যকালের অবশিষ্ট সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা ও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণাও অবান্তর হয়ে যায়। তাই সুষ্ঠু নির্বাচন দল ও মত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা।’

তিনি বলেন, ‘নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। ভোট হচ্ছে, স্বাধীন দেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক, পবিত্র আমানত। এর মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। নির্বাচন ভূলুণ্ঠিত হলে গণতন্ত্রও ভূলুণ্ঠিত হয়। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তার নির্যাস হচ্ছে গণতন্ত্র। ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর হচ্ছে এর মূল লক্ষ্য। তবে ভোটের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধিগণ যাতে নির্বাচিত হন, সেটি নিশ্চিত করতে হবে।’

‘আমি আশা করি, এই অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত সকল অংশীজন প্রত্যেকেই নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখবেন। এজন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনানুগভাবে অবশ্যই প্রতিহত করতে হবে। আমরা জনগণের মনে নির্বাচনের প্রতি আস্থা সৃষ্টি করে ও তাদের উদ্বুদ্ধ করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই,’ বলেন মাহবুব তালুকদার।

নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন, এই নির্বাচনকে ঘিরে দুটি প্রাণহানি ঘটেছে। এজন্যই সহিংসতার আশঙ্কা। আমি আগে বলেছি, এখনও বলি, যেকোনো নির্বাচনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা আশা করবো, অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হবে।’

নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকাদার বলেন, ‘নির্বাচন তো নির্বাচন কমিশন সরাসরি করে না। নির্বাচন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং অন্যান্য অংশীজনরা। ফলে নির্বাচনকাজে যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের ওপরেই আমদের নির্ভরশীল থাকতে হয়।’

যেকোনো ঘটনার দায় কি ইসি এড়াতে পারে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো ঘটনার দায় ইসি এড়াতে পারে না। সে জন্যই তো ইসিকে এত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হয়। নির্বাচন কমিশন সামগ্রিক নির্বাচন পরিচালনার কেন্দ্রবিন্দু। এজন্য নির্বাচনকেন্দ্রিক যেকোনো ঘটনার দায় ইসির ওপর এসে পড়ে।’