English Version
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১২:০২

হালকা বৃষ্টিতে নাগরিক জীবনে ভোগান্তি

অনলাইন ডেস্ক
হালকা বৃষ্টিতে নাগরিক জীবনে ভোগান্তি

ভোর থেকেই আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে ঝরছে বৃষ্টি, কখনও গুড়ি গুড়ি আবার কখনও ঝমঝমিয়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গত কয়েক দিনের চিত্র এটা। আজও ব্যতিক্রম নয়। এতে অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। বৃষ্টি থামলেই হঠাৎ করে বহু মানুষ রাস্তায় নেমে আসায় যানজট তৈরি হচ্ছে।

আজ শনিবার ভোর থেকেই রাজধানীতে কালো মেঘে ঢাকা আকাশ, থেমে থেমে বৃষ্টি। অফিসগামীদের ভোগান্তি। আর সেই বৃষ্টি ও দুর্ভোগকে সঙ্গী করেই কর্মস্থলে যেতে হয়েছে কর্মজীবীদের।

প্রায় একই চিত্র দেখা গেছে বন্দরনগরীতে। সেখানে অবশ্য বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় পানি উঠে যাওয়ায় ভোগান্তির মাত্রা কিছুটা বেশি।

তবে রাজধানীতে আজ বৃষ্টিতেও তেমন জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। মূলত বৃষ্টিপাতের মাত্রা কম হওয়ায় বাড়তি পানি নিষ্কাশন হয়ে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।