English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ২২:০৭

মানুষের সেবার জন্যই বেঁচে আছেন শেখ হাসিনা: পলক

অনলাইন ডেস্ক
মানুষের সেবার জন্যই বেঁচে আছেন শেখ হাসিনা: পলক

‘পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কুশীলবদের পুরষ্কৃত করেছে বিএনপি-জামায়াত। তাদের প্রত্যক্ষ মদদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট বর্বরোচিত হামলার মাধ্যমে আজকের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়। দেশের মানুষের দোয়া ও আল্লাহর রহমত বারবার শেখ হাসিনাকে রক্ষা করে। দেশের মানুষের সেবার জন্যই বেঁচে আছেন শেখ হাসিনা।’

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের সিংড়া পৌরসভা চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধির যে ভিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে দিয়েছেন তাতে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রশংসিত। শেখ হাসিনার সরকারের সাফল্যে ঈর্ষান্বিত বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র এখনও তৎপরতা চালাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।