English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ০০:৫৫

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন পরিবেশমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে তিনি বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন।

মন্ত্রী চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মন্ত্রী তার সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া প্রকাশ করেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী সব দেশবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করলে ১২ আগস্ট দুপুরে ফলাফল পজেটিভ আসে। ওই দিন সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সিএমএইচে ভর্তি হন।

তিনি প্রধান চিকিৎসক ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক ছাড়াও প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম এবং ডা. মেজর সাদিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আন্তরিকভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য তিনি চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।