English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ২২:৫৮

চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

অনলাইন ডেস্ক
চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসে ধীরে ধীরে সব রেল চালুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।

করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গে এত ট্রেন চালু করা হয়নি। সাম্প্রতিক সময়ে ১৬ আগস্ট থেকে ১৩ জোড়া ট্রেন চালু করা হয়। এর আগে ১৭ জোড়া ট্রেন চলছিল। ২৭ আগস্টের পর সব মিলিয়ে ৪৮ জোড়া। রেলের উপপরিচালক (টিটি) খায়রুল কবিরের সই করা একটি আদেশে নতুন ট্রেন চালুর কথা বলা হয়েছে। নতুন এসব ট্রেনের মধ্যে অর্ধেক পূর্বাঞ্চলে এবং অর্ধেক পশ্চিমাঞ্চলে। অন্তত ৯ জোড়া ট্রেনের গন্তব্য ও যাত্রার স্থান ঢাকার বাইরে। বাকি ৯ জোড়া ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচল করবে। করোনার লকডাউনের পর ৩১ মে থেকে পুনরায় ট্রেন চালু করার দিন ঢাকা-চট্টগ্রাম পথের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীর অভাবে দুই সপ্তাহের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়।