English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ২০:২৩

আরও এক বছর বাংলাদেশি শ্রমিক নেবে না মালদ্বীপ

অনলাইন ডেস্ক
আরও এক বছর বাংলাদেশি শ্রমিক নেবে না মালদ্বীপ

মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে। গেল বছর অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে জানায় দেশটি। কিন্তু সেই নিষেধাজ্ঞা যখন শেষ হওয়ার পথে, তখন বৃহস্পতিবার (২০ আগস্ট) আবারো তার মেয়াদ বাড়িয়েছে।

গত বছর প্রতি দেশ থেকে দেড় লাখ শ্রমিক নেয়ার একটি সীমাও নির্ধারণ করে দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির গণমাধ্যম দ্য এডিশন জানিয়েছে, বাংলাদেশ এই কোটা পার করে ফেলায় শ্রমিক নেয়া হচ্ছে না। তবে এই নিষেধাজ্ঞা পেশাদার স্তর বা বিশেষ প্রশিক্ষণের অধিকারী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

গত বছর দেশটি জানায়, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়া হবে না। মালদ্বীপের অভিবাসন বিভাগের দাবি, দেশটিতে শ্রম ভিসায় প্রবেশ করা ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন প্রবাসীর মধ্যে ৬৩ হাজার বৈধভাবে বসবাস করছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ২০ হাজার শ্রমিককে তারা ঢাকায় ফেরত পাঠাতে চায়।