English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৯
সূত্র:

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৯ মার্চ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৯ মার্চ

আগামী ২৯ মার্চ (রোববার) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। এদিন বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৬১ তম কমিশন বৈঠক শেষে রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তিনি বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাইবাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

এর আগে বিকেল ৩টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীর সহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করে ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে গত ১৮ জানয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে।

বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।