English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৫৪
সূত্র:

বাড়ানো হল পুলিশ বাহিনীর সুযোগ-সুবিধা

বাড়ানো হল পুলিশ বাহিনীর সুযোগ-সুবিধা

আজীবন রেশন সুবিধা পাবে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা দিয়ে অর্থ বিভাগ সম্প্রতি এক অফিস আদেশ জারি করেছে। অর্থ বিভাগের যুগ্ম সচিব আশরাফ উদ্দীন আহম্মদ খান স্বাক্ষরিত সম্মতিপত্রটি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের সম্মতিপত্রে বলা হয়, বর্তমানে পুলিশের কনস্টেবল থেকে শীর্ষপদ পর্যন্ত চাকরিতে প্রবেশের দিন থেকে অবসরোত্তর ছুটি পিআরএল পর্যন্ত রেশন সুবিধা পাচ্ছেন। একই সুবিধা ভোগ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিজিবি, আনসার, কারারক্ষী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরাও।

জানা যায়, পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত পরিবারের সদস্য সংখ্যা দুইজন ধরে ভর্তুকি দামে রেশন দেওয়া হবে। প্রতি মাসে তারা ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, সাড়ে ৪ লিটার ভোজ্য তেল, ২ কেজি ডাল পাবেন।

যেসব পুলিশ সদস্য গত ১ জানুয়ারি থেকে অবসরে গিয়েছেন বা যাবেন তারা এ সুবিধা পাবেন। তবে সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত, প্রতিবন্ধী সন্তান আজীবন এ সুবিধা পাবেন। কোনো ক্ষেত্রেই পরিবারের সদস্য সংখ্যা দুইজনের বেশি হবে না। পরিবারের সদস্য সংখ্যা একজন হলে রেশনের পরিমাণ অর্ধেকে নেমে আসবে।