English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫৫
সূত্র:

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় আতিক-তাপসের

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় আতিক-তাপসের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। দুই প্রার্থী রাত সাড়ে ৯টার দিকে গণভবনে যান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।

ঢাকার দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এরপর চলছে গণনা। এতে আতিকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। অবশ্য বিএনপি এরই মধ্যে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

এর আগে শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ সময় তার পাশে ছিলেন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রসঙ্গত, অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়াই দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।