English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২০ ১৬:৪২
সূত্র:

এ মাসে আবারও কমবে তাপমাত্রা

এ মাসে আবারও কমবে তাপমাত্রা

জানুয়ারি মাসে কয়েক দফা শৈতপ্রবাহের পর এ সপ্তাহে কিছুটা হলেও কমছে শীতের দাপট। শনিবার থেকে সারা দেশেই তাপমাত্রা তুলনামূলকভাবে বেড়েছে। তবে চলতি মাসের শেষ দিকে আবারও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যৌথভাবে শ্রীমঙ্গল ও তেতুলিয়াতে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুক্রবারের চেয়ে আজ শনিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী সোমবার দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটিই হবে এবারের শীত মৌসুমের সর্বশেষ বৃষ্টিপাত এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, এদিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেট শহরে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ‘আগামী ২০ জানুয়ারি দেশজুড়ে বৃষ্টিপাত হবে। আসন্ন এ বৃষ্টির কারণেই তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। গরম অনুভূত হচ্ছে। কিন্তু বৃষ্টির পর আগামী ২৩ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে। ২৬, ২৭ জানুয়ারির দিকে তাপমাত্রা সবচেয়ে কম হবে।’    তিনি আরও বলেন ‘কেবল দক্ষিণাঞ্চল ছাড়া পুরো বাংলাদেশেই এমন আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টিটাও কিন্তু দেশের উত্তরাঞ্চল দিয়ে হবে। তবে এ বৃষ্টিপাতের পরিমাণ বেশি নয়, হালকা।’

তিনি জানান, এই তাপমাত্রা কমার মধ্য দিয়ে জানুয়ারিতেই শীত শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতেই শীত শেষ হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা কমার তেমন কোনো রেকর্ড নেই।

সাধারণত প্রতিবছর সিলেট অঞ্চলে শীতের স্থায়ীত্ব ও তীব্রতা বেশি দেখা যায়, তবে সেই তুলনায় এবারে বৃহত্তর সিলেটে শীতের স্থায়ীত্ব তুলনামূলক কম ছিল বলে জানান সাঈদ আহমেদ। 

জানুয়ারিতে শেষবারের দাপট দেখিয়ে বিদায় নেবে শীত। এরপরই ধীরে ধীরে উঁকি মারতে শুরু করবে ঋতুরাজ বসন্ত।