English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২০ ১৩:৫০
সূত্র:

ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট রাবাব ফাতিমা

ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট রাবাব ফাতিমা

ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ সদরদপ্তরে মঙ্গলবার ইউনিসেফের নির্বাহী বোর্ড ব্যুরোর সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনীত করা হয়।

মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিল ও সুইজারল্যান্ডের উপ-স্থায়ী প্রতিনিধি ইউনিসেফের নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।   এর আগে ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। এখন প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ইউনিসেফের কর্মকাণ্ডে কৌশলগত দিকনির্দেশনা দেবে।

রাষ্ট্রদূত ফাতিমা সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দিয়েছেন। তার পূর্বসূরী মাসুদ বিন মোমেন ২০১৯ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বিশ্বজুড়ে শিশুরা যেসব ঝুঁকির মধ্যে রয়েছে তার মোকাবেলাসহ ২০২০ সালকে ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকর বছরে পরিণত করতে বোর্ড সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা। শিশুদের কল্যাণ সাধন, উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য এই নির্বাহী বোর্ড নতুন নতুন ধারণা ও কৌশল সৃজনে নিবেদিতভাবে কাজ করবে মর্মে প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।