English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০২০ ১২:৫৩
সূত্র:

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

গাজীপুরের টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমাকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি ও ময়দানের জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান এ তথ্য জানিয়েছেন।

বিশ্ব ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, 'ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে স্বেচ্ছাসেবী মুসল্লিরা সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।'

তিন দিনের ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশ এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল থেকে ইজতেমাকে কেন্দ্র করে টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের আনাগোনা বাড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, ইজতেমা প্রাঙ্গণে ঢাকা জেলার সাথিরাও তাদের জন্য নির্ধারিতস্থানে ছামিয়ানা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই তাদের ছামিয়ানা টানানোসহ সমস্ত কাজ শেষ হবে বলে জানান কর্মরত সাথিরা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন বলে জানান তাঁরা।