English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২০ ১৫:১৫
সূত্র:

টানা তৃতীয় মেয়াদে সরকার : জাতির কাছে কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর

টানা তৃতীয় মেয়াদে সরকার : জাতির কাছে কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দেশের জনগণ আমাদের ২০১৮ সালের ভোটে নির্বাচিত করেছে। আমরা সরকারে আসতে পেরেছি। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ২০২০ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করার সুযোগ পেয়েছি। পাশাপাশি ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূচনা বক্তব্যের পর যৌথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সৌভাগ্য হলো যে আমরা ১৯৯৭ সালে আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী… সেটাও কিন্তু আমরা উদযাপন করতে পেরেছিলাম। তখনও আওয়ামী লীগ সরকারে ছিল। আবার সুবর্ণজয়ন্তীটাও উদযাপন করার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা জাতির কাছে কৃতজ্ঞ। আমি বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণের এই আস্থা-বিশ্বাস না থাকলে আমরা এই সুযোগটা রাষ্ট্রীয়ভাবে পালন করার সুযোগটা পেতাম না। জানি না তখন কী হত! কারণ এই নামটা তো মুছে ফেলার অনেক চেষ্টা করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা হবে, বাংলাদেশের মানুষ যেন বিশ্বে এখন যে মর্যাদা পেয়েছে, এর থেকে আরও বেশি মর্যাদা নিয়ে চলতে পারে। সেটাই আমাদের লক্ষ্য। তাই ২০২০ সালটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আমরা নবনির্বাচিত কমিটি নবউদ্যমে জাতির পিতার দেয়া স্বাধীনতাকে আরও অর্থবহ করে দেশকে আরও উন্নত করব। আমাদের এটা মনে রাখতে হবে, ২০২০ সাল বাংলাদেশের জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময়। সেটা হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী।