English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪২
সূত্র:

পুরান ঢাকার জন্য ৩০ বছরের কর্মপরিকল্পনার চিন্তা তাপসের

পুরান ঢাকার জন্য ৩০ বছরের কর্মপরিকল্পনার চিন্তা তাপসের

ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণের মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংসদ শেখ ফজলে নূর তাপস। মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ বিশেষ করে পুরান ঢাকাকে ঘিরে ৩০ বছরের কর্মপরিকল্পনা রয়েছে স্বচ্ছ ইমেজের তরুণ এই রাজনীতিকের।

দল থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার পর রবিবার দুপুরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান তাপস। এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সিটি নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর প্রতিক্রিয়ায় মেয়র প্রার্থী তাপস বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ অনেকটাই অবহেলিত। সেই অবহেলা দূর করতে এবং সর্বস্তরের নাগরিকদের সুবিধা দিতেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

‘মেয়র হিসেবে নির্বাচিত হতে পারলে পুরান ঢাকার রূপকে প্রস্ফুটিত করে তুলতে ৩০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেবো।’

ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েছেন মন্তব্য করে বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস বলেন, ‘নির্বাচিত হলে আমি আমার পূর্ণ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবো।’