English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৬
সূত্র:

বৃষ্টি ঝরিয়ে ফের বাড়বে শীত

বৃষ্টি ঝরিয়ে ফের বাড়বে শীত

সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) আরও বাড়বে। কিছুটা বেশি সময় ধরে রাজধানীতে মিলতে পারে সূর্যের দেখা। তবে পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর পর আবার তাপমাত্রা কমে যাবে। বছরের শুরুতে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সোমবার তাপমাত্রা কিছুটা বাড়বে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবারের তুলনায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা কমলেও গড়ে বিভাগগুলোতে কিছুটা বেড়েছে। কমেছে বাতাসের গতিও। শনিবার বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। রোববার তা ছিল ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আগামী ২৫ অথবা ২৬ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রাও অনেকটা হ্রাস পেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ১২ দশমিক ২ ডিগ্রি।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে, সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।