English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৫
সূত্র:

শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। রাজধানীর আর্মি স্টেডিয়ামে রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই শ্রদ্ধা জানানো। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে।

ইতিমধ্যে ফুলে ফুলে ছেঁয়ে গেছে স্যার ফজলে হাসান আবেদের কফিন। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় আবেদ স্যারকে।

প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হচ্ছে।   এর আগে সকাল ৯টা থেকেই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন সাধারণ মানুষ, বিশিষ্টজন ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। ইতিমধ্যে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নেমেছে।

আর্মি স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানাতে ব্র্যাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই হবে তার জানাজা। এরপর ফজলে হাসান আবেদকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে কোটি কোটি শুভানুধ্যায়ী রেখে গেছেন।