English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ১২:১০

প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার জিপ পাবেন

নিজস্ব প্রতিবেদক
প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার জিপ পাবেন

সরকারের গ্রেড-১ ও ২ পর্যায়ের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার জিপ পাবেন। একই সঙ্গে সরকারি গ্রেড-৩ পর্যায়ের কর্মচারীদের জন্য কেনা হবে ৫৭ লাখ টাকার জিপ। গাড়ির রেজিস্ট্রেশন, শুল্ক, করসহ দাম নির্ধারণ করেই নতুন এই নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুন নাহারের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতরে যারা রয়েছেন তারাই এই সুবিধা পাবেন। বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার-মিনিবাস (এসি ও ননএসি) এবং ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, একই বিবেচনায় সে অনুযায়ী সরকারের দফতরগুলো কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৪৪ লাখ টাকার মাইক্রোবাস, ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্স, ৩৫ লাখ টাকার প্রাইভেটকার, ২৮ লাখ টাকার পিকআপ, ১ লাখ ৪০ হাজার টাকার মোটরসাইকেল, ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস, ৪২ লাখ ২৯ হাজার টাকার বাস, ৩৯ লাখ টাকার ৫ টনের ট্রাক ও ৩১ লাখ ৭৫ হাজার টাকার ৩ টনের ট্রাক কিনতে পারবে।