English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৮
সূত্র:

বিজয়ের দিন থেকে মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড দেওয়া শুরু

বিজয়ের দিন থেকে মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড দেওয়া শুরু

বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) থেকে একযোগে সারাদেশে ৪০ হাজার স্মার্টকার্ড বিতরণ করা হবে এবং এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। রোববার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এনআইডি মহাপরিচালক বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। দেশের ৫১৯টি এলাকায় ইতোমধ্যে স্মার্টকার্ড পৌঁছে গেছে। সোমবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্রটি তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক মুক্তিযোদ্ধা এই কার্ড সংগ্রহ করেছেন। যারা পাননি, তাদেরই আমরা দিচ্ছি। এছাড়া যারা এই কর্মসূচিতে অংশ নিতে না পারবেন, পরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট কত সংখ্যক মুক্তিযোদ্ধা এই কার্ড পাচ্ছেন, তা বলা যাচ্ছে না। তবে আমরা ৪০ হাজার স্মার্টকার্ড প্রিন্ট করেছি। তিনি বলেন, এই কার্যক্রম চলমান থাকবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকা মোতাবেকই আমরা স্মার্টকার্ড সরবরাহ করবো।