English Version
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৯ ০৮:২৬
সূত্র:

আসামীর মাথায় ‘আইএস’র টুপি, যা বললেন তথ্যমন্ত্রী

আসামীর মাথায় ‘আইএস’র টুপি, যা বললেন তথ্যমন্ত্রী

হলি আর্টিজানের রায়ের পর এক আসামির মাথায় ‘আইএস’র টুপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, এটা নিয়ে এর বাইরে আমি কিছু বলতে চাই না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা গত পরশু আন্দোলনের নামে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনাই প্রমাণ করে তারা সুযোগ পেলেই ছোবল দেবে। তারা এখনো সন্ত্রাসী রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি। বিএনপি যদি এমন রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে তাদের সাথে যে জনগণের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা আরো বাড়বে, ভবিষ্যতে জনগণের শত্রু হিসেবে পরিণত হবে তারা।

হলি আর্টিজানের মামলার রায় প্রকাশে বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না থাকার প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, অতীতে যখনই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে তখনই তারা এ নিয়ে প্রশ্ন তুলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের শীর্ষ নেতারা সবাই যখনই কোন জঙ্গির এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘটেছে তখনই প্রশ্ন তুলেছে এই মৃত্যুবরণ কেন? অর্থাৎ জঙ্গিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা প্রশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছে।