English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:৪২
সূত্র:

ওসি মোয়াজ্জেমের রায় নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

ওসি মোয়াজ্জেমের রায় নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে মোট ৮ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের দু’টি ধারায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

রায়ের পর মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, আমি তাকে বিচারের মুখোমুখি করতে পেরেছি। এটাই আমার সফলতা।

রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩ টায় আদালত প্রাঙ্গনে তিনি বলেন, বাংলাদেশের থানাগুলোতে যেসব পুলিশ কর্মকর্তা নিজেদের জমিদার মনে করেন, জমিদারের মতো আচরণ করেন, তাদের জন্য এই রায় অশনিসংকেত।

রায়কে মাইলফলক আখ্যায়িত করে তিনি আরও বলেন, ওসিদের কাছ থেকে জমিদারের মতো আচরণ মানায় না।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ওসি মোয়াজ্জেম তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যে কারণে তাকে এই মামলায় সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।

তিনটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একটিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি বলে জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, তবে রায় বিশ্লেষণ করে এ বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

একইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে ওসি মোয়াজ্জেমকে। জরিমানার এই টাকা নুসরাতের পরিবারকে দিতে বলা হয়েছে।