English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯ ১৮:৪৫
সূত্র:

পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নেই: প্রধানমন্ত্রী

পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নেই: প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত কি না তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দ্রুত চাহিদা মেটাতে কার্গো বিমানে পেঁয়াজ আনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই।’

শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এই সমস্যা (পেঁয়াজ) যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল, পরশুর মধ্যে এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। এখন পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই।’

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত আছে কি না সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা জানি এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা আছে। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের দেশে কেন কি কারণে এত… একটা অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে কেন জানি না।’

‘আমরা দেখতে চাই এ ধরনের চক্রান্তের সঙ্গে কেউ জড়িত আছে কি না। … এর পেছনে মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাভাবিকভাবে আবহাওয়ার কারণে অনেক সময় অনেক পণ্যের উৎপাদন বাড়ে বা কমে। আর যেহেতু পেঁয়াজটা বেশিদিন রাখা যায় না। কিন্তু যদি এখন হোল্ডিং করে দাম বাড়িয়ে দুই পয়সা কামাতে চান তাদের এটাও চিন্তা করতে হবে, পেঁয়াজ তো পচে যাবে।’

‘এখন পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। তো মানুষকে এই কষ্ট দেওয়াটা কেন? এভাবে কারা এর পেছনে আছে সেটাও আমাদের দেখতে হবে।’

পেঁয়াজের দাম ভারতেও বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্য ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক। সেখানে ১০০ রুপিতে তারা পার কিলো পেঁয়াজ কিনতে পারে। শুধু এক স্টেটে তারা তাদের পেঁয়াজ ওই স্টেটের বাইরে যেতে দেয় না। শুধু সেখানে একটু দাম কম। তাছাড়া সার্বিকভাবে সেখানেও দাম বেশি।’