English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯ ১১:২৫

দুর্বল বুলবুল: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
দুর্বল বুলবুল: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে সংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরপরই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টায় সমুদ্রবন্দর ও সকাল ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, সকালে জাহাজ ক্যাপ্টেনদের বহির্নোঙরে পাঠানো হয়েছে। এছাড়া বন্দরে পণ্য উঠানামা, পণ্য খালাস শুরু হয়েছে।

সচিব আরো বলেন, বন্দরের জেটিতে ষোলটি জাহাজ ছিল, বহিঃর্নোঙ্গরে আগে থেকেই পঞ্চান্নটি জাহাজ রয়েছে। জেটিতে থাকা ১৬টি জাহাজ বহির্নোঙরে পাঠানো হয়েছিল, এগুলো ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম জানান, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার বিকেল থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়। এখন ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তাই কার্যক্রম আবারো শুরু করা হয়েছে।