English Version
আপডেট : ৪ নভেম্বর, ২০১৯ ১৩:৪৬
সূত্র:

আগামী সপ্তাহ থেকে সড়ক আইন কার্যকর, ট্রাফিকের গায়ে থাকবে ক্যামেরা

আগামী সপ্তাহ থেকে সড়ক আইন কার্যকর, ট্রাফিকের গায়ে থাকবে ক্যামেরা

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ আগামী সপ্তাহ থেকে পুরোদমে কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কিছু প্রস্তুতিমূলক কাজ করছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, মানুষকে সচেতন করা হচ্ছে। প্রচারণা চালানো হচ্ছে। লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন বাস্তবায়ন শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, নতুন আইনে সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সাজার ভয়ে আইন মানবে মানুষ। চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মামলা সার্ভারে জমা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত থাকবে ট্রাফিক পুলিশ। ট্রাফিকের কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার ভয় দেখিয়ে কেউ টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।