English Version
আপডেট : ২০ অক্টোবর, ২০১৯ ১৩:১১
সূত্র:

ঢাকায় আসছেন নিউইয়র্ক সিটির পাঁচ সিনেটর

ঢাকায় আসছেন নিউইয়র্ক সিটির পাঁচ সিনেটর

বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা সরেজমিন পরিদর্শনে নিউইয়র্ক সিটির পাঁচ সিনেটর আজ রোববার (২০ অক্টোবর) ঢাকায় আসছেন।

সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে পাঁচ সিনেটর ও অপর তিন স্টাফসহ একটি প্রতিনিধি দল বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে স্বাক্ষাত করার পাশাপাশি সিলেট ও কক্সবাজার সফর করবে।

শনিবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এই পাঁচ সিনেটর নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিকে বিভিন্ন বিষয়ে এবং বিভিন্নভাবে জোরালো সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরকালে সিনেটর লুইস তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানান যে দীর্ঘদিন তিনি নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করছেন এবং তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

লুইস এ সময় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে তিনি আরো অর্থবহ ও গঠনমূলক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।

প্রতিনিধি দলটি ২০ অক্টোবর সকালে বাংলাদেশে পৌঁছবেন এবং সফর শেষে আগামী ২৬ অক্টোবর ফিরে যাবেন।

সফরকারী আট সদস্যের প্রতিনিধিদলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু কর্মসূচির আয়োজন করেছে এবং তাদের অনুরোধে, স্থানীয়ভাবে আতিথেয়তার ব্যবস্থা করেছে।

এ সময় কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানও সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তারা স্টেট সিনেটর প্রতিনিধি দল বা বাংলাদেশ সরকার যে আয়োজন করেছে, তার অন্তর্ভূক্ত নন বলেও এতে উল্লেখ করা হয়।