English Version
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯ ০৭:৩৯
সূত্র:

শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন বুয়েট ভিসি

শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন বুয়েট ভিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান।

এর আগে বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে উপাচার্য এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

তার আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে এসে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিরেন শিক্ষার্থীরা। পরদিন কুষ্টিয়ায় আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেও এলাকাবাসীর তোপের মুখে পড়েন অধ্যাপক সাইফুল। পরে সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়।

আবরার হত্যাকাণ্ডের পরপরই সোমবার যে ১০ জন গ্রেপ্তার হন, তার একজন হলেন ইফতি। তাকেসহ ওই ১০ জনকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার মধ্যে ইফতিই প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত রোববার রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

আবরারের বাবার করা হত্যামামলায় এ পর্যন্ত ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে ইফতিসহ ১২ জন এজাহারভুক্ত আসামি।

মামলার আসামিদের মধ্যে সাতজন এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আবরার হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো ক্যাম্পাসের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।