English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৯ ০৬:২৬
সূত্র:

১৭১ সফরসঙ্গী নিয়ে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭১ সফরসঙ্গী নিয়ে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভারত যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ১০ জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ১৭১ জন। জানা গেছে প্রধানমন্ত্রীর এই সফরে ১০ থেকে ১২ টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া তিস্তার পানি বন্টন চুক্তি ও এনআরসিসহ বেশকিছু বিষয়ে আলোচনা হবে।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দিল্লী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে অন্যান্য অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। আলোচনায় সীমান্তে হত্যা শূন্যতে নামিয়ে আনা, দুদেশের জনযোগাযোগ বৃদ্ধি করা, গঙ্গার পানি বন্টন চুক্তির সর্বোত্তম ব্যবহার, সন্ত্রাসবাদ রোধ, সার্বিক বাণিজ্যিক এবং আর্থিক সহযোগিতা ইত্যাদি বিষয় আসবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌ পরিবহন অর্থনীতি, সমুদ্র গবেষণাসহ বেশ কিছু ক্ষেত্রে ১০ থেকে ১২ টি চুক্তি সাক্ষর হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া এজেন্ডায় না থাকলেও তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা তোলা হবে।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের ভারত যাত্রায় সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ১০ জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ১৭১ জন।

মন্ত্রীদের মধ্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নসরুল এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এছাড়া উপদেষ্টাদের মধ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।