English Version
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৪০
সূত্র:

শুধু ক্যাসিনো নয়, আইন অমান্যকারী সকলের বিরুদ্ধে অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু ক্যাসিনো নয়, আইন অমান্যকারী সকলের বিরুদ্ধে অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশকয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ক্যাসিনো বিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শুধুমাত্র ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে নয়, দেশের সকল আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চলছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে, তাদের সকলের বিরুদ্ধে এই অভিযান চলছে। যারা বিভিন্ন অনৈতিক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফল নেতৃত্বে দেশকে আজ যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য যেই অন্যায় করুক, জনপ্রতিনিধি বা কর্মচারী হোক, তাকেই আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানের শুরুতে একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ৩ জন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার এবং আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।