English Version
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:১৫
সূত্র:

সেই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে হুইপের মামলা

সেই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে হুইপের মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের মাধ্যমে মানহানি করার অভিযোগে বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

বুধবার সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে ‘ক্লাব-জুয়া-সাংসদ এবং ওসি’ শিরোনাম একটি স্ট্যাটাস দেন পুলিশের পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন।

ওই স্ট্যাটাসে তিনি চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও হুইপ সামশুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন বলে দাবি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে হুইপ সামশুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম আবাহনী ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনোদিন ক্লাব থেকে একটি পয়সাও নেইনি।

আবাহনী ক্লাবে জুয়ার আসর বসে না দাবি করে তিনি বলেন, যেখানে জুয়ার আসরই বসে না, সেখানে জুয়ার আসর থেকে টাকা আয় হচ্ছে বলে মন্তব্য করা ষড়যন্ত্রের অংশ।

এদিকে হুইপের বিরুদ্ধে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।