English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯ ১১:২৪
সূত্র:

বাংলাদেশিদের জন্য জাপানের দরজা খুলল

বাংলাদেশিদের জন্য জাপানের দরজা খুলল

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় সাড়ে তিন লাখ কর্মী নেবে জাপান।  প্রাথমিকভাবে আটটি দেশ ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার অন্য একটি দেশের নাম এই তালিকায় ওঠে। এখন বাংলাদেশও সেই তালিকায় ঢুকল।

মঙ্গলবার টোকিওতে দুই দেশের মধ্যে চুক্তির পর বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।

আগামী ৫ বছরের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার কর্মী নিয়োগে গত বছরের ডিসেম্বরে জাপানের পার্লামেন্টে বিল পাস হয়।

এই পরিকল্পনার ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল থেকে কর্মীদের জন্য দুই ধরনের ভিসা ব্যবস্থা চালু করেছে জাপান।

বিদেশি কর্মী যাদের ন্যূনতম কারিগরি শিক্ষা রয়েছে, তারা ৫ বছরের জন্য কাজ করার সুযোগ পাবে দেশটিতে। এই সময়ের মধ্যে তারা পরিবারের সদস্যদের জাপানে নিতে পারবে না।

আর যারা দক্ষ (গবেষক, শিক্ষক, ব্যবসায়ী) কর্মী, তারা জাপানে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন। সেই সাথে তারা তাদের পরিবারের সদস্যদেরও জাপানে নেওয়ার সুযোগ পাবেন।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শিপলু জামান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের উদ্দেশ্যে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান; জাপানের পক্ষ থেকে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার সোকো শাসাকি সই করেন।

এ বছরের মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হয়। তখন জাপান বাংলাদেশ থেকে কর্মী নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল।