English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৯ ০৯:৪৯
সূত্র:

এডিস মশা নিয়ন্ত্রণের উপায় নির্ধারণে আসছেন বিদেশি বিশেষজ্ঞদল

এডিস মশা নিয়ন্ত্রণের উপায় নির্ধারণে আসছেন বিদেশি বিশেষজ্ঞদল

ডেঙ্গুর প্রকোপে দেশের চিকিৎসা ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এ অবস্থায় ডেঙ্গু রোগ ছড়াতে দায়ী এডিস মশা স্থায়ীভাবে নিয়ন্ত্রণের উপায় নির্ধারণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একদল বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞ দলে থাকছেন এফএও/আইএইএ এর খাদ্য ও কৃষিবিষয়ক পারমাণবিক প্রযুক্তি বিভাগের টেকনিক্যাল অফিসার রাফায়েল আর্জিল হেরেরো ও দানিলো ডি অলিভেরা কার্ভালো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভেক্টর ইকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ রাজপাল যাদব।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটি শুক্রবার পর্যন্ত বাংলাদেশে থেকে এডিস মশার বিস্তার ঠেকাতে এখানে ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’ কার্যকর হবে কি-না সে সম্ভাব্যতা যাচাই করবেন।

বিশেষজ্ঞরা বলছেন, স্টেরাইল ইনসেক্ট টেকনিক (এসআইটি) হল কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি পরিবেশ-বান্ধব পদ্ধতি। এ পদ্ধতিতে তেজস্ক্রিয়ার মাধ্যমে পুরুষ মশাকে বন্ধ্যা করে একটি নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়া হয়। ফলে ওই এলাকায় স্ত্রী মশা ডিম পাড়লেও তা নিষিক্ত হবে না। তাতে মশার সংখ্যা কমে আসবে।