English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯ ১৪:৫৮
সূত্র:

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে কর্মজীবীরা

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে কর্মজীবীরা

ঈদের ছুটি শেষে বুধবার খুলছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। বাড়িতে সবার সঙ্গে ঈদ কাটিয়ে এখন ফের রাজধানীমুখী কর্মজীবীরা।

এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিন দিনসহ ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একদিন অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিনের ছুটি কাটাবেন। তাই বুধবার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। 

কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আগামী রোববার (১৮ আগস্ট)। তাই কর্মব্যস্ত, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ পেতে সময় লাগবে আরও এক সপ্তাহ।

বুধবার অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

তবে, এ দিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। এরপর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। টানা ৯ দিন লেনদেন বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।

এবার ঈদের ছুটি ছিল ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার। এর আগে শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দু'দিন ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্রবার ও শনিবার) দু'দিন সাপ্তাহিক ছুটি।

দেখা যাচ্ছে, ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ১৪ আগস্ট অফিস খোলা। যারা বুধবার ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি কাটাবেন।