English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৯ ১৩:০৪
সূত্র:

সড়কে পশু কেনা-বেচা থেকে সাবধান

সড়কে পশু কেনা-বেচা থেকে সাবধান

মূল হাটের বাইরে রাস্তায় পশু কেনা-বেচা করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ৬ আগস্ট অনুষ্ঠিত ‘নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকরণ প্রস্তুতি’ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

বিবরণীতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে যানবাহন ছেড়ে যাওয়ার রুটসহ (যেমন: যাত্রাবাড়ি, মাতুয়াইল, গাবতলী, মহাখালী, টঙ্গী, আশুলিয়া, চন্দ্রা ইত্যাদি) দেশের সকল সড়ক ও মহাসড়কে কোনক্রমেই পশুর হাট বসানো যাবে না বলে সভা থেকে নির্দেশ দেয়া হয়।

এতে আরও বলা হয়, যত্রতত্র অথবা সড়কে পশু কোরবানি যাতে না হয়, সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা কার্যক্রম গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এডিস মশা যাতে যানবাহনের মাধ্যমে ঢাকার বাইরে ছড়াতে না পারে সেলক্ষ্যে ঢাকা ছাড়ার প্রাক্কালে সকল যানবাহনে কীটনাশক স্প্রে করার জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।