English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ১৩:১২
সূত্র:

দ্বিতীয় দিনে কমলাপুরে উপচেপড়া ভিড়

দ্বিতীয় দিনে কমলাপুরে উপচেপড়া ভিড়

ঈদুল আযহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি শুরু হলেও গতকাল রাত থেকে স্টেশনে লাইনে দাঁড়ায় টি‌কিটপ্রত্যা‌শীরা।

আজ সকাল থেকে হাজার হাজার মানুষ দীর্ঘলাইনে অপেক্ষা কর‌ছেন কাঙ্ক্ষিত টি‌কি‌টের জন্য। টিকিট কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে সড়কের কাছাকাছি চ‌লে গে‌ছে লাইন। এদিকে, সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম টিকিট বিক্রির অংশ হিসেবে ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

ঈদুল ফিতরের মতো এবারও ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে—কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।