English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯ ১৫:২৬
সূত্র:

শ্রমিক ধর্মঘটে নৌপথ অচল

শ্রমিক ধর্মঘটে নৌপথ অচল

১১ দফা দাবিতে শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে। যার ফলে সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে। সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল। কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান।

এদিকে নৌ ধর্মঘটের ব্যাপারে শ্রমিকরা জানিয়েছেন সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে।

এ ব্যাপারে মিতালী নামে একটি লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছে না। আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, নিরাপত্তা নেই। তাই যাত্রীবাহী, মালবাহি, তেলবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চালাব না।