English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৯ ০৭:৩৭
সূত্র:

দুর্নীতি প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার মন্ত্রী

দুর্নীতি প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে দারিদ্র্য এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আর বড় কোনো চ্যালেঞ্জ নয়। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ হাসিনার সরকার দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রোজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, দক্ষতা আর সব প্রতিকুল অবস্থাকে জয় করার সাহসিকতার কারণে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। আগামী পাঁচ বছর হবে বাংলাদেশের জন্য চমকপ্রদ উন্নয়ন ও সমৃদ্ধির বছর। জার্মানির উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশেও অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। গ্রামগুলো শহরে রূপান্তরিত হচ্ছে। গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা পেতে শুরু করেছেন। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সম্মানিত অতিথি ছিলেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক ও জামার্নির ব্যাংকার রফ স্যুসার। সেমিনারটি পরিচালনা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।   

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। তারা মন্ত্রণালয়ের প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজারের টেকনাফ ও চকরিয়ায় রোহিঙ্গাদের জন্য স্থানান্তরের প্রস্তাব দেন। মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য ও প্রস্তাবগুলো শোনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডা। সাক্ষাৎকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে তারা কথা বলেন। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতির ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন। এ সময়  মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।