English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৯ ১৬:৪২
সূত্র:

আবিরের রঙে দোল উৎসব

আবিরের রঙে দোল উৎসব

বসন্তের সান্নিধ্যে দোল উৎসব উদযাপনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।   মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা প্রাণরসে উপভোগ করবে সেসব আয়োজন। সকাল থেকে তার সাজ সাজ রবও শোনা গেছে। যেন অনেকের ঘুম ভেঙেছে হৃদয়ে দোল আয়োজনের দোলা লাগে। আবিরের রঙে রঙিন হওয়ার এ উৎসবে মাতবেন শিশু থেকে সবাই।

তেমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিবেদিতা বকশী। তার মতে, রং খেলা মানুষের মিলনোৎসব। আমরা একে অন্যকে রঙে রঙিন করে এই বার্তাটাই তো দিতে চাই যে, এখানে কোনো ভেদাভেদ নেই। বসন্তের এই শ্রেষ্ঠ উৎসবে নিমন্ত্রণ আমাদের সবারই। শরতের শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো, তেমনই বসন্তের বর্ণিল উৎসব দোলযাত্রা।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর হিন্দু অধ্যুষিত এলাকায় আগে থাকতেই শুরু হয়েছে রঙের রকমারি। দোকানে দোকানে শুরু হয়েছে নানান রঙের রং-ও। সকালে প্রথমে আরতির পর রাধাকৃষ্ণ পূজা আর আবির খেলা। তাতে মাতবে সবাই। আর মূল রং খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার (২২ মার্চ)।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাঁধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন।

বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোনও-কোনও স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাঁধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল এক যৌথ বিবৃতিতে দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।